ইন্দোনেশিয়ার ধ্বংসস্তূপ দ্বীপ সুলাওয়েসিতে বিধ্বস্ত জনগণের কাছে ধীর গতিতে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। ফলে খাদ্য সংকটে দিন কাটাচ্ছে মানুষরা।
ত্রাণ ও উদ্ধার তৎপরতায় গতি আনতেই দ্বিতীয়বারের মতো দুর্গত অঞ্চল পরিদর্শনে গেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডা। বুধবার পর্যন্ত রাষ্ট্রীয় হিসাবে এক হাজার ৩৭৪ জন মানুষের মরদেহ গণনা করা হয়েছে। এখনো উপকূলে মৃতদেহের সন্ধান পাওয়া যাচ্ছে। তাই উদ্ধার কার্যক্রম চলছে।
পুরো দ্বীপজুড়ে হতাহত ও নিখোঁজ স্বজনদের নিয়ে শোকাতুর পরিস্থিতি এখনো বিরাজমান। বিধ্বস্ত ভবনের নিচে এখনো জীবিত অবস্থায় আটকা পড়ে আছেন অনেকে। তাদের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
এদিকে, ভূমিকম্প ও সুনামির কারণে সড়কপথ ও বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় যেখানে সহায়তা সবচেয়ে বেশি জরুরি সেখানে পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা।