সৌদি সাংবাদিক জামাল খাসোগির রহস্যজনক নিখোঁজের ঘটনায় ‘নির্মম হত্যাকারীরা’ জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদ বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদের সঙ্গে টেলিফোনে কথা বলার পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প জানান, ২০ মিনেটের কথোপকথনে জোরালোভাবেই সৌদি বাদশাহ খাসোগির অন্তর্ধানের ঘটনায় কিছু জানা থাকার কথা অস্বীকার করেন। আর তার সঙ্গে কথা বলে মনে হয়েছে যে খাসোগি নিখোঁজের পেছনে নির্মম হত্যাকারীরা দায়ী থাকতে পারে। এ ঘটনায় শেষ পর্যন্ত যাওয়া খুবই জরুরি বলে সালমান বিনকে জানান ট্রাম্প।
এদিকে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজের ঘটনায় ইস্তাম্বুলের সৌদি আরব কনস্যুলেটে তল্লাশি চালিয়েছে তুরস্ক।
তবে এ তল্লাশির মধ্য দিয়ে জামাল খাসোগির সঙ্গে কি হয়েছে সে বিষয়ে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। ভিসা সংক্রান্ত কাজে গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকেন সাংবাদিক জামাল খাসোগি। তবে সেখান থেকে আর বের হয়ে আসেননি তিনি।