রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান বিষয়ে নিরাপত্তা পরিষদে বক্তব্য দেবেন জাতিসংঘ তদন্ত দলের সভাপতি।
কূটনীতিকদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওই খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও ব্রিটেনসহ ৯টি সদস্য দেশ তাকে বক্তব্য দেয়ার আবেদন করেছেন।
তাই চীন ও রাশিয়ার বিপরীত অবস্থান থাকলেও নিরাপত্তা পরিষদে বক্তব্য দেবেন তিনি।
কারণ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ন্যূনতম ৯টি সদস্য তদন্ত দলের সভাপতির বক্তব্য দেয়ার প্রস্তাবে সমর্থন দেওয়ায় চীন ও রাশিয়া বিষয়টি ভেটো দিতে পারবে না।
গত বছরের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের দমন-পীড়ন শুরুর পর এই তদন্ত দলই সামরিক বাহিনীর এ কর্মকাণ্ডকে গণহত্যার শামিল বলে অভিহিত করেছে।
তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী।
এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিষয়টির বিস্তারিত তুলে ধরা হলে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।