সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় মাত্র সাত মিনিট সময় নেয়া হয় বলে জানিয়েছেন তুর্কি তদন্তকারীরা। ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগির মৃত্যুর অন্তিম মুহূর্তের অডিও বিশ্লেষণ করে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তুরস্কের তদন্তকারীরা।
অডিও রেকর্ডিং পুরোপুরি শুনেছেন এমন এক তুর্কি সূত্র দাবি করেছে, খাশোগিকে হত্যার উদ্দেশ্যে সৌদি আরবের জেনারেল সিকিউরিটি বিভাগের ফরেনসিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সালাহ মোহাম্মদ আল তুবাইগিসহ ১৫ জনের একটি দল প্রাইভেট জেটে করে আঙ্কারা পৌঁছান।
দূতাবাসের কনসাল জেনারেলের অফিস থেকে খাশোগিকে টেনেহিঁচড়ে কনসাল জেনারেলের পড়ার ঘরে নিয়ে যাওয়া হয়। সে সময় ওপরে প্রচণ্ড চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিলেন বলে জানিয়েছেন নিচতলায় উপস্থিত থাকা এক ব্যক্তি। কিছুক্ষণ পর তার চিৎকার বন্ধ হয়ে যায়।
চেতনানাশক কিছু দিয়ে তাকে স্টাডি রুমের টেবিলে ওপর শুইয়ে খাশোগিকে হত্যা করে তুবাইগি। পুরো হত্যাকাণ্ডটি ঘটাতে সময় লাগে মাত্র ৭ মিনিট।
তুবাইগি তখন ইয়ারফোনে গান শুনছিলেন, সহকর্মীদেরও গান শুনতে উৎসাহ দেন বলে জানা যায়।
ইস্তান্বুলে সৌদি দূতাবাসে খাশোগি হত্যার এটিই প্রথম বিস্তারিত বিবরণ বলে দাবি করেছে মিডলইস্ট আই হিসেবে পরিচিত সূত্রটি।