ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১৮ জনকে তুরস্কের কাছে হস্তান্তরের জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
শুক্রবার আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির প্রাদেশিক নেতাদের এক সমাবেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।
এরদোয়ান বলেন, সৌদি আরবে আটক ১৮ জনের মধ্যেই খাসোগির খুনি রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে চাইলে আটক ব্যক্তিদের তুরস্কের কাছে হস্তান্তর করা উচিত এছাড়া খাসোগিকে হত্যার নির্দেশ কে দিয়েছে সৌদি আরবের কাছে তাও জানতে চেয়েছেন এরদোয়ান।
সেইসঙ্গে খাসোগির মৃতদেহের সন্ধান দেয়ারও দাবি করেন তিনি।
এদিকে, খাসোগির বান্ধবী হাতিস চেঙ্গিজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউজ আমন্ত্রণ জানানো হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।
তুরস্কের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে হাতিস বলেন, আমেরিকার জনমতকে প্রভাবিত করতে তাকে এ আমন্ত্রণ জানানো হয়েছে।