ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার খবর মিলেছে। দেশটির উপকূলের সমুদ্রের তলদেশে খুঁড়তে খুঁড়তে ধ্বংসাবশেষের মধ্যে ব্ল্যাক বক্সটির সন্ধান পাওয়া যায়।
বিবিসি সূত্র মতে, স্থানীয় নিউজ চ্যানেল মেট্রো টিভিতে ব্ল্যাক বক্সটির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এ সময় এটি একটি প্লাস্টিকের বক্সের মধ্যে ছিল। এখন এটি উদ্ধারের ফলে তদন্তকারীদের জন্য দুর্ঘটনার কারণ খুঁজে বের করা সহজ হবে।
এরই মধ্যে বিমান বিধ্বস্তের ঘটনায় লায়ন এয়ারের প্রযুক্তি বিষয়ক পরিচালক মুহাম্মদ আসিফকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে জানানো হয়, ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রীর নির্দেশেই আসিফকে বরখাস্ত করা হয়েছে। তবে পরিবহনমন্ত্রী বুদি কারিয়া সুমাদি জানিয়েছেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে আসিফকে আবারও স্বপদে পুনর্বহাল করা হবে।
এদিকে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজতে জাভা সাগরে চালানো অভিযানে অগ্রগতির খবর মিলেছে।
কর্মকর্তারা মনে করছেন, তারা সাগরে বিধ্বস্ত বিমানের মূল কাঠামোর খোঁজ পেয়েছেন। দেশটির সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।