সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি আর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে শেষ হয়েছে শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন। আস্থাভোটে বির্তকিত প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষের পরাজয়ের পর কাল ছিল পার্লামেন্টের প্রথম অধিবেশন।
শ্রীলঙ্কায় বর্তমানে কোন প্রধানমন্ত্রী কিংবা সরকার নেই বলে অধিবেশনের শুরুতেই জানিয়ে দেন পার্লামেন্টের স্পিকার কারু জয়শুরিয়া। এর পরেই রাজাপাকশের সমর্থকরা হৈ চৈ শুরু করেন ও বিরোধী পক্ষের সংসদ সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কাউকে কাউকে পানির বোতল ও ময়লার ঝুড়িও ছুড়ে মারতে দেখা যায়। এমন অবস্থায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।
গতকাল আট ভোটের ব্যবধানে সংসদে আস্থাভোটে হেরে যান বির্তকিতভাবে নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকশে। তবে স্পিকারকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট এ ভোট প্রক্রিয়াকে অসাংবিধানিক উল্লেখ করে এটি মেনে নিতে তার অসম্মতির কথা জানিয়েছেন।