আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে এক হাজারের বেশি লোক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয় নি।
এক সপ্তাহ আগে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির জনবসতিতেও ছড়িয়ে পড়ে। এর ফলে প্যারাডাইস শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভয়াবহ আগুনে বসত-বাড়ি হারিয়ে গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।
ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নির্বাপক বিভাগের মুখপাত্র স্কট ম্যাক্লিন বলেন, শহরটি ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ, কিছুই আর বাকি নেই তেমন। প্যারাডাইস শহরে তাণ্ডব চালনোর পর দাবানল আঘাত হানে ক্যালিফোর্নিয়ার আরেক সৈকত শহর মালিবুরে।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় বনবিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
দাবানল নিয়ন্ত্রণে আনতে পায় দশ হাজার দমকলকর্মী কাজ করছেন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে বের করতেও কাজ করছে শত শত কর্মী।
দাবানলে অঙ্গরাজ্যের লাখ লাখ একর ভূমি পুড়ে গেছে।
এর আগে ১৯৩৩ সালে লসঅ্যাঞ্জেলেসের গ্রিফিত পার্কে ভয়াবহ দাবানলে ২৯ জন নিহত হয়েছিল।