যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সাউথ সাইট অঞ্চলের মার্সি হাসপাতাল অ্যান্ড মেডিকেল সেন্টারে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন।
বিবিসি সূত্র মতে, সাউথ সাইট অঞ্চলের মার্সি হাসপাতাল অ্যান্ড মেডিকেল সেন্টারে বন্দুকধারীর হামলার ঘটনায় নিহত ৪ জনের একজন হচ্ছেন সেই বন্দুকধারী। তবে তিনি নিজেই নিজেকে গুলি করেছেন না পুলিশের গুলিতে নিহত হয়েছেন- তা নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পরপরই হাসপাতালের স্টাফ ও লোকজনকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে দেখা যায়।
এদিকে, হামলার পরপরই হাসপাতালের অনেক লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে এবং সশ্বস্ত্র বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। পুলিশ কর্মকর্তারা ইতোমধ্যে নিরাপত্তার জন্য হাসপাতাল প্রাঙ্গণ ঘিরে রেখেছেন। হামলাস্থল এড়িয়ে চলতে পুলিশ জনগণের প্রতি ইতোমধ্যে অনুরোধ জানিয়েছে।
পুলিশের একটি বিশেষ দল এ হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।