গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে উঠা মৌলবাদী দলগুলোকে থামাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস। কংগ্রেসের এ সংক্রান্ত এক রেজুলেশনে মৌলবাদী দলগুলোকে দেশের স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ওপর হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রেজুলেশনটি উত্থাপন করেন কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস। এতে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সম্প্রীতি বজায় রাখতে নির্বাচন কমিশনের অনুরোধে সাড়া দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পুনরাবৃত্তিমূলক হামলা, ধর্মীয় অসহিষ্ণুতা বৃদ্ধি এবং জামাতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরসহ মৌলবাদী গোষ্ঠীগুলোর দ্বারা সৃষ্ট অস্থিতিশীলতা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ ক্ষুন্ন করে।
রেজুলেশনে বলা হয়, বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান প্রবণতা জঙ্গিগোষ্ঠী আইএসপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত। আরো বলা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুরা সহিংসতার গুরুতর ঝুঁকিতে রয়েছে।