ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বাডগামের চাতেরগাম এলাকায় আজ বুধবার সংঘর্ষে দুই গেরিলা নিহত ও তিন সেনাসদস্য আহত হয়েছে। ঐ এলাকায় গেরিলা ও যৌথবাহিনীর মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী তরুণরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।
এসময় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য সমন্বিত যৌথবাহিনী পেলেটগান ব্যবহারের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা চালায়। এতে এক বেসামরিক ব্যক্তি চোখে পেলেট গানের ছররা গুলি ও অন্যজন বুলেটের আঘাতে আহত হলে তাদেরকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগর হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রশাসনিক কর্তৃপক্ষ ওই ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কাশ্মির উপত্যকায় চলতি বছরে এ পর্যন্ত সেনাবাহিনীর ‘অপারেশন অল আউট’ কর্মসূচিতে ২২৬ গেরিলা নিহত হয়েছে। গতবছরে নিহতের সংখ্যা ছিল ২১৩ জন।
অন্যদিকে, ‘অপারেশন অল আউট’ কর্মসূচিতে চলতি বছরে গত ২৫ নভেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ৫৬ জওয়ান নিহত হয়েছে। গত বছরে বিভিন্ন অপারেশনের সময়ে ৫৮ জওয়ান নিহত হয়েছিল।