জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পর এবার রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ হত্যা-নির্যাতনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের আইনি সংস্থা।
হত্যাযজ্ঞ ও বর্বরতার শিকার এক হাজার রোহিঙ্গা নারী-পুরুষের সাক্ষাৎকারের ভিত্তিতে স্থানীয় সময় সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়োগ করা আইনি সংস্থা- পাবলিক ইন্টারন্যাশনাল ল' অ্যান্ড পলিসি গ্রুপ।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে দেশটির সেনাবাহিনী সরাসরি জড়িত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে রোহিঙ্গা নিধনযজ্ঞকে 'গণহত্যা' উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।
গতবছর হত্যা-নিপীড়নের মুখে সীমান্ত পেরিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেন।