ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলের সিয়ারা প্রদেশটির মিলাগ্রেস শহরে শুক্রবার দুটি ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় এক শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।
ব্রাজিলের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, এদিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দুই ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতরা। সে সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছলে উভয়পক্ষের মধ্যে ২০ মিনিট যাবত গুলিবিনিময় হয়। এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়।
মিলাগ্রেস শহরের মেয়র লিয়েলসন লান্ডিন স্থানীয় রেডিও ব্যান্ড নিউজকে বলেন, ডাকাতরা সে সময় শিশুসহ যে চারজনকে জিম্মি করেছিল, তারা সবাই একই পরিবারের সদস্য ছিল। ঘটনার সময় পরিবারটি নিকটবর্তী একটি বিমানবন্দরে যাচ্ছিলেন। মূলত তখনই ডাকাতরা হাইওয়ে থেকে তাদের তুলে নেয়।
মেয়র লান্ডিন আরো বলেন, প্রথমে অপরাধীরা জিম্মিদের হত্যা করে এবং পরে পুলিশ এসে অপরাধীদের হত্যা করে।
সিয়ারায় নিরাপত্তা বিষয়ক সচিব আন্দ্রে কোস্টা বলেন, দুই জন সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডাকাতরা ব্যাংক দুটি থেকে কোনো অর্থ নিতে পারেনি।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সিয়ারার ফোর্টালেজা শহরের একটি নৈশ ক্লাবে গোলাগুলির ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারান।