ব্রিটেনের কনজারভেটিভ দলের নেতৃত্বে থাকার প্রশ্নে প্রধানমন্ত্রী থেরেসা মে আস্থা ভোটে টিকে গেলেন। এর ফলে আরো এক বছর দলকে নেতৃত্ব দিতে পারবেন তিনি।
আগামী এক বছরের মধ্যে দলে তার নেতৃত্ব নিয়ে আর কোনো প্রশ্ন গ্রহণ করা হবে না।
বুধবার রাতে ভোটাভুটিতে থেরেসা মের পক্ষে পড়েছে ২০০ ভোট আর বিপক্ষে ১১৭। আস্থা ভোটে থেরেসা মে জিতেছেন ৮৩ ভোটে। দলের ৬৩% এমপি ছিল তাঁর পক্ষে আর বিপক্ষে ভোট দিয়েছে ৩৭%।
ভোটে হেরে গেলে দলের প্রধানের পদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদও ছাড়তে হতো থেরেসাকে।
জয়ের পর দলের এমপিদের ধন্যবাদ জানানোর পাশাপাশি এটি ব্রেক্সিট বাস্তবায়নে তাকে সহায়তা করবে বলেও জানান থেরেসা মে।
মূলত ব্রেক্সিট নিয়েই সমস্যার সূত্রপাত। থেরেসা মের মন্ত্রিসভা থেকে দু-দুজন ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী পদত্যাগ করেন। তারপর মন্ত্রিপরিষদ ছেড়ে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও। পদত্যাগের ধারায় সর্বশেষ যোগ দেন বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়বিষয়ক প্রতিমন্ত্রী। এ অবস্থার পরিপ্রেক্ষিতেই অনাস্থা ভোটের মুখোমুখি হন থেরেসা মে।