বিশ্ব কাঁপানো খবরের ছবিগুলো আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে রয়টার্স।
এরমধ্যে প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে ১০ রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা এবং নেপালের কাঠমাণ্ডুতে গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইনের উড়োজাহাজ বিধ্বস্তের ছবি অন্যতম। ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৪৯ আরোহীর সকলেই মারা যান।
গত ২৭ এপ্রিল সীমান্ত গ্রাম পানমুনজমে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শান্তি সংলাপ একটি ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে দীর্ঘ শত্রুতার পর কোরীয় উপদ্বীপে শান্তি ফিরে আসে।
গত ১৪ মে জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা। জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে গোটা বছর জুড়েই সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারান।
আরেকটি ছবিতে দেখা যায়, দুর্ভিক্ষপীড়িত দেশ ইয়েমেনে চিকিৎসার অভাবে মারা যাওয়া চার মাসের শিশুকন্যার হাত ধরে থাকতে দেখা যায় অসহায় পিতাকে।
৩০ এপ্রিল আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলার খবর সংগ্রহ করতে গিয়ে দ্বিতীয় হামলায় ৯ জন সংবাদিক নিহত হন।
বছর জুড়েই দেশটিতে ছিল তালেবানী হামলা। অতি সম্প্রতি ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে ছাইয়ের কুণ্ডলী।
আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের কারণে সাগরতলে ভূমিধস থেকে সৃষ্ট সুনামিতে চার শতাধিক জন মারা যান।