কিউবার রাজধানী হাভানার উপর দিয়ে বয়ে যাওয়া বিরল একটি টর্নেডোতে ৪ জন মারা গেছেন।
এতে আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ।
কিউবার আবহাওয়ার বিভাগের আবহাওয়াবিদ হোসে রুবিয়েরা বলেন, রাতের ঘূর্ণিবায়ুটি প্রায় ৮০ বছরের মধ্যে কিউবায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টর্নেডো।
টর্নেডোরটির তাণ্ডবে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, গাড়ি উল্টে পড়েছে এবং এটি পথে পড়া কয়েকটি ভবনকে ভাঙাচোরা ইটপাথরে পরিণত করেছে। একপর্যায়ে এক কিলোমিটারের দানবে পরিণত হওয়া টর্নেডোটি প্রায় ১৬ মিনিট ধরে হাভানার মধ্য দিয়ে সাড়ে ১১ কিলোমিটারের একটি গমনপথ ধরে তাণ্ডব চালায়।
মূলত হাভানার পূর্বাংশ ও কেন্দ্রীয় এলাকাতেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার সকালে এই এলাকার সড়কগুলোতে ভাঙা কাঁচ, বিভিন্ন ধ্বংসাবশেষের পাশাপাশি উপড়ে পড়া গাছ ও বৈদ্যুতিক লাইন পড়ে আছে। টর্নেডোর পর কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে, এতে পানি সরবরাহে বিঘ্ন ঘটেছে।