নতুন করে একটি শাটডাউন বা অচলাবস্থা এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। সোমবার ডেমোক্রেট ও রিপাবলিকানরা সীমান্ত নিরাপত্তা ইস্যুর মূলনীতিতে একমত হয়েছে। এর ফলে সম্ভাব্য আরেকটি আংশিক অচলাবস্থা এড়াতে পেরেছেন তারা।
আইনপ্রণেতারা বলেছেন, তারা ওয়াশিংটনে একটি রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
যেসব অবৈধ অভিবাসী আটক অবস্থায় আছেন তাদের পরিণতি ও সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তহবিলের দাবিকে কেন্দ্র করে আলোচনা এর আগে স্থবির হয়ে পড়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র এ যাবতকালের সবচেয়ে দীর্ঘস্থায়ী অচলাবস্থা অবলোকন করেছে।
সোমবার দিনের শেষে ট্রাম্প এ চুক্তিকে সমর্থন করেন কিনা তা বলেন নি। তবে তিনি বলেন, আমরা যেকোন উপায়েই সীমান্তে দেয়াল নির্মাণ করছি। টেক্সাসের এল পাসোতে তিনি সমর্থকদের বলেন, ওই চুক্তি পড়ার মতো সময় তার নেই।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ভয়াবহ অপরাধীদের গণহারে ছেড়ে দিতে হবে এমন কোনো বিলে কখনোই তিনি সই করবেন না।
এর আগে যে অন্তর্বর্তী বাজেট সংক্রান্ত চুক্তির মাধ্যমে অচলাবস্থা কাটানো গিয়েছিল অস্থায়ীভিত্তিতে, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে শুক্রবার। এর মধ্যেই একটি বিল অনুমোদন করাতে হবে।
এমন অবস্থায় ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে সোমবার বেশ কয়েক ঘন্টা আলোচনা হয়। তারপর রাতে একটি চুক্তিতে উপনীত হন তারা।
আলোচনা থেকে বেরিয়ে রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি বলেন, সব ইস্যুই সমাধান হয়ে গেছে। এসবের বিষয়ে একটি চুক্তি করেছি। কর্মকর্তা, কর্মচারিরা তাদের কাজে যাবেন। যদি এই চুক্তি আইনে পরিণত হয় তাহলে সরকারের সামনে পথ খোলা থাকবে।