দুটি দেশের চলমান উত্তেজনা প্রশমনে আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার পাকিস্তানি টেলিভিশন জিও টিভিকে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ কথা বলেন।
জিও টিভি কুরেশির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আটক ভারতীয় বৈমানিক অভিনন্দনকে ফিরিয়ে দিলে যদি সংঘাত এড়ানো যায় তাহলে আমরা তাকে ফিরিয়ে দিতে ইচ্ছুক।
বুধবার পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান ভূপাতিত করার দাবি করার পর বিমানটির উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে। অভিনন্দনের একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর 'ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স' (আইএসপিআর)।
ভিডিও প্রকাশের পর ভারত সরকার তাদের একজন আহত বৈমানিক পাকিস্তানের হাতে আটক হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে তাকে দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে দেয়ার আহ্বান জানায়। এরপরই পাকিস্তানের এ প্রতিক্রিয়া এলো।
কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
সংঘাত এড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে দু’দেশকে সমস্যা মেটানোর আহ্বান জানিয়েছেনে বিশ্ব নেতারা।
এর মধ্যেই অভিনন্দনকে ফিরিয়ে দিয়ে সমস্যার সমাধান করা গেলে সেপথে যেতে আপত্তি নেই বলে জানায় পাকিস্তান।
এদিকে, কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে,তবে মিগ-২১ এর আটক এ বৈমানিক অভিনন্দনকে ফেরত পেতে ভারত কোনো ধরনের আপোস করবে না। নিঃশর্তেই অভিনন্দনকে ফেরত চায়।
এনডিটিভি সূত্র্: নাম না প্রকাশ করার শর্তে এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা তাকে শিগগির ফেরত চাই। পাকিস্তান হয়ত ভাবছে তারা আলোচনার জন্য একটি কার্ড পেল, তারা তা পায়নি, পাইলটকে ফিরিয়ে আনতে ভারত সবকিছু করবে।
গতকাল সকালে কাশ্মীরের আকাশে ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান যুদ্ধের পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এলাকা থেকে অভিনন্দনকে আটক করে পাকিস্তানি সেনারা।
ভারতীয় একটি মিগ ২১ জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার সময় এর পাইলট অভিনন্দন প্যারাশুটে করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অপরপাশে পাকিস্তান অংশে অবতরণ করেন। তারপর থেকেই পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে আছেন তিনি। ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা হয়। এতে অন্তত ৪২ জন জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। পুলওয়ামা হামলার জবাব দিতেই পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালায় ভারত। এরপর ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনার পর নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাল্টা জবাব দেয় পাকিস্তান।