যুক্তরাষ্ট্র আরো আলোচনা চাইলেও পিয়ংইয়ংয়ের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। ভিয়েতনামে দুই নেতার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান উত্তর কোরিয় মন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো সমঝোতা ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক শেষ হয়। মূলত কোরীয় উপদ্বীপ থেকে পারমাণবিক অস্ত্র সরিয়ে নেয়ার রোডম্যাপের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল ট্রাম্প ও কিমের মধ্যে।
হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী, হ্যানয়ের মেট্রোপল হোটেলে বৈঠক শেষে যৌথ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে সেরকম কিছু হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের উত্তর কোরিয়ার দাবী মেনে নিতে ট্রাম্প রাজী না হওয়ায় বৈঠকে কোন সমঝোতা হয়নি।
এর আগে গত জুনে সিঙ্গাপুরে দুই নেতার প্রথম বৈঠকে বড় অগ্রগতি না হওয়ায় তবে এবারের আলোচনা শেষে দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা হয় কি-না তা দেখার অপেক্ষায় ছিল বিশ্ববাসী।