পাকিস্তানের মাটিকে ব্যবহার করে কোনো জঙ্গিগোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনা ও বিদেশে হামলা চালাতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার দক্ষিণ পাকিস্তানে আয়োজিত এক জনসভায় এ ঘোষণা দেন তিনি।
এ সময় দেশবাসীকে জঙ্গিমুক্ত এক নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন দেখান ইমরান খান।
বহির্বিশ্বে হামলা চালানো কোনো সন্ত্রাসী দলকে পাকিস্তানের মাটিতে থাকতে দেয়া হবে না।
এদিকে, ইমরান খানের সঙ্গে দেখা করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোহাইল মাহমুদ।
ভারতের কাশ্মিরে জইশ-ই মুহাম্মদরের হামলার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়ার পর তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
আবারো তিনি দায়িত্ব পালনে ভারতে ফিরেছেন। ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় আন্তর্জাতিক চাপ বাড়ার মুখে পাকিস্তান চলতি সপ্তাহ থেকে জঙ্গি দমন অভিযান শুরু করেছে।
এ অভিযানে বৃহস্পতিবার ১৮২টি মাদ্রাসা বাজেয়াপ্ত করাসহ নিষিদ্ধ ঘোষিত দলগুলোর শতাধিক কর্মীকে আটক করেছে।