গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলেও তীব্র নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।
এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, সিরিয়া, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বিবৃতি দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম এবং পোল্যান্ড।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক দূত মিখাইল বোগডানোভ বলেন, গোলান নিয়ে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে।
ট্রাম্পের এ ঘোষণা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাবে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্ব স্বীকার করে না। এ সংক্রান্ত অবস্থান পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে ট্রাম্প যে স্বীকৃতি দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। ফ্রান্সও এই দখলদারিত্ব স্বীকার করে না।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র আরও একবার আন্তর্জাতিক আইন উপেক্ষা করলো।
গত ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে দখলকৃত গোলান মালভূমিকে ইসরায়েলি ভুখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।