আগামীকাল-বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট।
এবারের নির্বাচনে ১৯ মে পর্যন্ত ৭ দফায় ভোট নেয়া হবে। ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রীয় অঞ্চলে ৫৪৩টি আসনে এ ভোটের আয়োজনে ভারতজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচনে মোট ভোটার প্রায় ৯০ কোটি- যা ভারতকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে।
প্রথম দফায় ২০ রাজ্যের ৯১টি আসনে ভোটগ্রহণ হবে। মুল লড়াইয়ে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট-এনডিএ বনাম কংগ্রেসের নেতৃত্বে ২০ দলীয় জোট-ইউপিএ।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনগোষ্ঠী ও সর্ববৃহৎ গণতন্ত্রের রাষ্ট্র ভারত পরবর্তী ৫ বছর কারা পরিচালনা করবেন- তা নির্ধারণে বৃহস্পতিবার শুরু হচ্ছে লোকসভা নির্বাচন।
কাল থেকে শুরু হওয়া দেশটির সপ্তদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯ মে পর্যন্ত ৭ ধাপে অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ২৩মে।
নির্বাচনে নিবন্ধিত ভোটার ৯০ কোটি। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে প্রায় ১০ লাখ ৩৫ হাজার কেন্দ্রে ভোট হবে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেস ও বিজেপিসহ ৭টি জাতীয় রাজনৈতিক দল ও ৫১টি রাজ্যভিত্তিক দলসহ এক হাজার ৮৪১ নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। মোট প্রার্থীর সংখ্যা ৮ হাজার।
৫৪৩ আসনের লোকসভায় প্রথম দফায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, জম্মু-কাশ্মির, উত্তর প্রদেশ, তেলেঙ্গানাসহ দেশের ২০ রাজ্যের ৯১টি আসনে ভোট হবে। এতে লড়বেন এক হাজার ২৭৯ প্রার্থী। তাদের মধ্যে ২১৩ জনের বিরুদ্ধে খুন, অপহরণ, নারী নির্যাতনসহ ফৌজদারি অপরাধের নানান মামলা রয়েছে। আর ৩৭টি কেন্দ্রে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন।