নতুন প্রেসিডেন্ট ও পার্লামেন্টের জন্য একদিনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচনে ইন্দোনেশিয়ায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
স্থানীয় সময় বুধবার সর্বপূর্বের পাপুয়া প্রদেশে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
জাতীয় ও স্থানীয় পরিষদের প্রায় ২০ হাজার আসনের জন্য দুই লাখ ৪৫ হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেশটিতে এবারই প্রথম প্রেসিডেন্ট, পার্লামেন্টে ও স্থানীয় পরিষদ নির্বাচনের ভোট একইদিনে গ্রহণ করা হচ্ছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ দেশটির লোকসংখ্যা ২৬ কোটিরও বেশি।
বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার এই দেশটিতে মোট ভোটার সংখ্যা ১৯ কোটি ২০ লাখ। ১৭ হাজারেরও অধিক দ্বীপের দেশ ইন্দোনেশিয়া পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত এবং দেশটিতে মোট তিনটি টাইম জোন রয়েছে।
দেশজুড়ে ভোট শুরু হওয়ার আট ঘন্টা পর ভোট গ্রহণ শেষ হবে। ভোট শেষ হওয়ার পরপরই 'দ্রুত গণনার' পর কয়েক ঘন্টার মধ্যেই প্রাথমিক ফলাফল দেওয়া হবে।