শ্রীলংকার ভয়াবহ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী মৃতদেহ আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় আনা হবে।
হামলায় গুরুতর আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরি প্রিন্স কলম্বোর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তার পায়ের গুরুতর জখমের কারণে তাঁকে এখনই ঢাকায় ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
বোমা বিস্ফোরণের পর থেকেই দুই বাংলাদেশি নিখোঁজ বলে জানাচ্ছিল সংবাদ মাধ্যম ও কলম্বোর বাংলাদেশ দূতাবাস। পরে জানা যায় নিখোঁজ দুজন শেখ সেলিমের জামাতা ও এক নাতি। রাতে শেখ সেলিমের পারিবারিক সূত্র গণমাধ্যমকে জায়ান নিহত হয়েছে বলে জানায়।
এর কিছুক্ষণ পর শেখ রেহানার মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক এক টুইটে এক আত্মীয়কে হারানোর কথা জানান। প্রথমে পররাস্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুজন বাংলাদেশি নিখোঁজের কথা জানালেও তাদের নাম প্রকাশ করেননি।
ব্রুনাই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজেই শেখ সেলিমের জামাতার আহত হওয়ার ও এক নাতির নিখোঁজ থাকার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন।
প্রধানমন্ত্রীর ফুপাতো ভাই শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া ও তার স্বামী মশিউল হক প্রিন্স দুই ছেলেকে নিয়ে শ্রীলংকায় বেড়াতে গিয়েছিলেন। তারা ছিলেন হোটেল শাংরিলায়। প্রিন্স সকালে হোটেলের রেঁস্তোরায় ছেলে জায়ানকে নিয়ে নাস্তা করতে গিয়েছিলেন।
এ সময় বোমা হামলার শিকার হন তারা। আরেক ছেলে জোয়ানকে নিয়ে সোনিয়া ছিলেন হোটেল কক্ষেই।