শ্রীলংকায় রোববার তিনটি গির্জা ও চারটি হোটেলে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় দেশটির ন্যাশনাল তৌহিদ জামাত বা এনটিজে নামক একটি চরমপন্থী ইসলামি সংগঠন দায়ি বলে ধারণা করছে দেশটির পুলিশ।
শ্রীলংকার পুলিশ বলছে, তাদের ধারণা ভয়াবহ বিস্ফোরণের ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের বড় অংশ একটি এই উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে জড়িত। এই গোষ্ঠীটি স্থানীয়ভাবেই তাদের তৎপরতা চালায় বলে বলা হচ্ছে। খবর বিবিসির
তবে হামলার দায় আনুষ্ঠানিকভাবে তারা এখনো স্বীকার করেনি। হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে।
হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ২৯০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন চারশ জনেরও বেশি।
এদিকে, শ্রীলঙ্কায় সোমবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। মধ্যরাত থেকে শর্তসাপেক্ষে জরুরি অবস্থা জারির এই পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।
দেশটির প্রেসিডেন্টের মিডিয়া ইউনিট এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে সন্ত্রাসবাদ মোকাবিলায় জরুরি অবস্থা জারির পক্ষে সাংবিধানিক ধারা উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি অবস্থা জারির মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলা করা হবে। জরুরি অবস্থা দেশের নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না।
শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় কাল মঙ্গলবার জাতীয় শোক পালন করবে দেশটি। তার আগে জরুরি অবস্থা জারির বিষয়ে ঘোষণা এল।