শ্রীলংকায় নতুন করে আরও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কা থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির নাগরিকদের শ্রীলংকা ভ্রমণে সতর্কতা জারি করেছে।
রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোসহ কয়েকটি স্থানে গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার পর মার্কিন পররাষ্ট্র দফতর এ সতর্কতা জারি করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার জারি করা এই সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা আবারও যেকোনো মুহূর্তে শ্রীলংকায় হামলা চালাতে পারে।
এতে আরও বলা হয়, হামলার সম্ভাব্য স্থানগুলো হতে পারে পর্যটন কেন্দ্র, যানবাহনের টার্মিনাল, শপিং মল, হোটেল, প্রার্থনার স্থান, বিমানবন্দর ও অন্যান্য পাবলিক স্থানসমূহ।
উল্লেখ্য, শ্রীলংকায় ইস্টার সানডেতে গির্জা ও হোটেলসহ বিভিন্ন জায়গায় হওয়া আট বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে পৌঁছেছে। এছাড়া আহত চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে ৪৫০ জন। এসব ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় রোববার খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডেতে গির্জায় প্রার্থনারত মানুষ ও অভিজাত হোটেলসহ মোট আট জায়গায় বোমা হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৩৫ জন বিদেশি রয়েছেন।