ভারতে ছয় সপ্তাহ ধরে চলা জাতীয় নির্বাচন শেষ হচ্ছে রোববার। বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই প্রকাশ করা হবে একাধিক বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল। তাতে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। আগামী বৃহস্পতিবার ভোট গণনা শেষে নির্বাচনের ফল প্রকাশ করা হবে। খবর এনডিটিভি ও জিনিউজের
এদিন, সপ্তম ও শেষ ধাপে দেশটির লোকসভার ৫৯টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। গত ১১ এপ্রিল শুরু হয়েছিল ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ। রোববার শেষ ধাপে বিহার, হিমাচল, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও চণ্ডীগড়ে ভোট গ্রহণ করা হচ্ছে। শেষ ধাপের এই ভোটে ৯১৮ প্রার্থীর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে এবার ভোটার ছিল ৯০ কোটি। গড়ে ৬৫ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। এবারের নির্বাচনে ৭০ হাজার কোটি টাকার মতো খরচ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে প্রথম ছয় ধাপের ভোট।