ভারতের পশ্চিমাঞ্চলের গুজরাটে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সাত জন মারা গেছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, রাজ্যের ভাদোদারা জেলায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এই মৃত্যুর ঘটনায় হোটেলের মালিকের বিরুদ্ধে কর্মচারীদের নিরাপত্তার ব্যাপারে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। নিহত চারজনকে ট্যাংকটি পরিষ্কার করার জন্য ডেকে আনা হয়েছিল। হোটেলের তিন কর্মী তাদের এ কাজে সহায়তা করছিল।
ভাদোদারা দমকল কর্মকর্তা নিকুঞ্জ আজাদ বলেন, ‘প্রথমে একজন পরিচ্ছন্ন কর্মী ট্যাংকে প্রবেশ করে। তবে বহুক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। তাকে ডাকা হলেও সে সাড়া দিচ্ছিল না। তখন অপর তিন পরিচ্ছন্ন কর্মী তাকে সাহায্য করতে সেখানে প্রবেশ করে।’
তিনি আরো বলেন, অনেকক্ষণ পরেও এদের কেউই ট্যাংকের ভেতর থেকে কোন সাড়া না দিলে হোটেলের তিনি কর্মচারী সেখানে প্রবেশ করে। এদের সাতজনের সবাই সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’