চীনে কয়েক লাখ উইঘুর মুসলিমকে গোপন বন্দিশালায় আটকে রেখে কীভাবে তাদের মগজ ধোলাই করা হচ্ছে, তার কিছু দলিলপত্র সম্প্রতি ফাঁস হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে এ ধরনের গোপন বন্দিশালার কথা চীন বরাবরই অস্বীকার করে এসেছে এবং চীন বলে থাকে যে মুসলিমরা নিজেরাই স্বেচ্ছায় এখানে প্রশিক্ষণ নিতে এসেছে।
তাদের দাবি, এগুলো আসলে প্রশিক্ষণ ও শিক্ষা শিবির। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকদের একটি আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে যেসব ফাঁস হওয়া গোপন দলিলপত্র হাতে পেয়েছে, তাতে দেখা যায় কীভাবে এই উইঘুর মুসলিমদের বন্দি করে মগজ ধোলাই করা হচ্ছে এবং শাস্তি দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের এই দলে রয়েছেন বিবিসিসহ ১৭টি সংবাদমাধ্যমের সাংবাদিক। যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রদূত অবশ্য বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে এসব অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এটা ভুয়া খবর। ধারণা করা হয়, এসব শিবিরে ১০ লাখেরও বেশি মুসলিমকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে যাদের বেশির ভাগই উইঘুর সম্প্রদায়ের।
বিবিসির কাছে যেসব দলিল এসেছে, সেগুলো মূলত কীভাবে এই বন্দিশিবির চালাতে হবে তার নির্দেশনা। শিনজিয়াং কমিউনিস্ট পার্টির ডেপুটি সেক্রেটারি ঝু হাইলুন ২০১৭ সালে ৯ পৃষ্ঠার এই সরকারি দলিল পাঠিয়েছিলেন যারা এসব শিবির পরিচালনা করেন তাদের কাছে। এসব নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে যে এই শিবিরগুলো অত্যন্ত সুরক্ষিত জেলখানার মতো চালাতে হবে, বজায় রাখতে হবে কঠোর শৃঙ্খলা এবং কেউ যাতে সেখান থেকে পালিয়ে যেতে না পারে, সেটাও নিশ্চিত করতে হবে। সূত্র: বিবিসি