সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে দূর্নীতি মামলার রায় ঘোষনাকালে আদালতের বাইরে বিক্ষোভ করেন তার সমর্থকরা।
শনিবার আর্থিক অনিয়মের এক মামলায় তাকে দু’বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী খার্তুমের এক আদালত। রায় ঘোষণার সময় ওমর আল-বশির ঐতিহ্যবাহী পোশাক পরে আদালতের কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন।
ক্ষমতাচ্যুতির পর গ্রেপ্তারের সময় তার ঘর থেকে পাওয়া ১৩ কোটি মার্কিন ডলার সমমূল্যের সুদানি পাউন্ড ও ইউরোর উৎস বিষয়ে অভিযোগ করা হয়েছিল।
১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে দীর্ঘ ত্রিশ বছর সুদান শাসন করেন সাবেক এ সেনা শাসক। ৭৫ বছর বয়সী সাবেক এ স্বৈরশাসকের বিরুদ্ধে বর্তমানে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও হত্যার অভিযোগে আদালতে বিভিন্ন মামলার শুনানি চলছে।
বশিরের আইনজীবী জানান, এ সপ্তাহে তাকে ১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থান ও এ বছরের শুরুতে বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে জিজ্ঞেস করার জন্য অপর মামলায় আদালতে শুনানির জন্য ডাকা হবে।
সুদানের দারফুর অঞ্চলে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০০৯ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এএফপি