আন্তর্জাতিক

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল
পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল

রাষ্ট্রদ্রোহের দায়ে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে বিশেষ আদালতের ঘোষিত মৃত্যুদণ্ডাদেশ বাতিল করেছেন দেশটির হাইকোর্ট। সাবেক সেনাপ্রধান জেনারেল মোশাররফের মৃত্যুদণ্ড ঘোষণায় পাকিস্তান সেনাবাহিনী অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দেয়ার এক মাস না পেরোতেই সোমবার (১৩ জানুয়ারি) এ আদেশ দিলেন লাহোর হাইকোর্ট।

আদালতের এ আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইশতিয়াক এ. খান বলেন, ‘অভিযোগ গঠন, আদালত স্থাপন থেকে শুরু করে কৌঁসুলি টিম নিয়োগ পর্যন্ত সবই অবৈধ ঘোষণা করা হয়েছে...সর্বোপরি পুরো আদেশই বাতিল হয়ে গেছে আদালতে।’

এ কৌঁসুলি বলেন, ‘তিনি (পারভেজ মোশাররফ) এখন মুক্ত। এই মুহূর্তে তার বিরুদ্ধে আর কোনো দণ্ডাদেশ নেই।’

এখন রাষ্ট্রপক্ষ চাইলে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অনুমোদনসাপেক্ষে মোশাররফের বিরুদ্ধে ফের মামলা করতে পারে।

পারভেজ মোশাররফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে নওয়াজ শরিফের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০০৭ সালের নভেম্বরে তিনি দেশটির সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেন। তারপর বিক্ষোভ শুরু হলে অভিশংসনের ঝুঁকি এড়াতে ২০০৮ সালে পদত্যাগ করেন মোশাররফ।

সংবিধান বাতিলের কারণে ২০১৩ সালে নওয়াজ শরিফের নেতৃত্বে মুসলিম লিগ ক্ষমতায় থাকাকালে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ গত ১৭ ডিসেম্বর মোশাররফের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণার বহু আগে থেকে মোশাররফ বিদেশে আছেন। তিনি বর্তমানে আছেন সংযুক্ত আরব আমিরাতে।

সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা হলে সেদিনই বিবৃতি দেয় পাকিস্তানের সামরিক বাহিনী। মোশাররফের মৃত্যুদণ্ডকে সশস্ত্র বাহিনীর পদমর্যাদার জন্য ‘বিরাট এক বেদনা ও প্রচণ্ড কষ্টকর ব্যাপার’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘একজন সাবেক সেনাপ্রধান, সশস্ত্র বাহিনীর প্রধানদের কমিটির চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট, যিনি ৪০ বছর দেশের সেবা করেছেন, দেশের হয়ে যুদ্ধে লড়েছেন, তিনি কোনোভাবেই দেশদ্রোহী হতে পারেন না।’

সামরিক বাহিনীর ওই বিবৃতির পর মৃত্যুদণ্ডাদেশ চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করেন পারভেজ মোশাররফ। এরপর ইমরান খানের সরকারও বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নেয়। পারভেজ মোশাররফের ফাঁসির রায় দেয়া বিশেষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের প্রধানকে মানসিকভাবে অসুস্থ বলেন দেশটির আইনমন্ত্রী ফারুগ নাশিম।

এমনসব নাটকীয়তার পর সোমবার লাহোর হাইকোর্টের পক্ষ থেকে এ আদেশ এলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ