ট্ট্রাম্প প্রশাসনের জোরালো দাবি সত্ত্বেও নতুন করোনাভাইরাসটি চীনের গবেষণাগারে তৈরি হয়নি বলে নিজেদের যুক্তিতে অটল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল সোমবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের 'অনুমাননির্ভর' দাবির সমর্থনে ওয়াশিংটন এমন কোনো প্রমাণ দেয়নি, যা থেকে নিশ্চিত হওয়া যােব নতুন করোনাভাইরাসটি চীনের এক পরীক্ষাগার (ল্যাব) থেকে উদ্ভূত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান ভারচুয়াল ব্রিফিংয়ে বলেন, 'ভাইরাসের উৎসের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা কোনো তথ্য বা সুনির্দিষ্ট প্রমাণ পাইনি। কাজেই আমাদের দৃষ্টিকোণ থেকে এটি অনুমাননির্ভরই রয়ে গেছে।'
বিজ্ঞানীরা মনে করেন, ভাইরাসটি প্রাণী থেকে মানুষে ঝাঁপিয়ে পড়েছিল, গত বছরের শেষের দিকে চীনে যার প্রাদুর্ভাব ঘটে। এটি সম্ভবত উহানের একটি বণ্য প্রাণীর মাংসের বাজার থেকে ছড়িয়েছিল।
আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্টনি এস ফাউসি সোমবার ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরে সুর মিলিয়েছেন। তিনি বলেন, ভাইরাসের প্রকৃতি দেখে মনে হয় না কৃত্রিমভাবে বা ইচ্ছাকৃতভাবে এতে হেরফের করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ডিসেম্বরে উহান শহরে প্রথম প্রাদুর্ভাব ঘটা ভাইরাসটি সম্পর্কে ক্রমাগত চীনের সমালোচনা করে আসছেন।
ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেন, তার পুনর্নির্বাচিত কর্মসূচি ভন্ডুল করতেই চীন আগেভাগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেনি।