করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকেপড়া ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি আগামী ১৫ মে দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তাদের দেশে আনা হবে।
দেশটির রাজধানী মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মালদ্বীপে অবস্থানরত অনিয়মিত বা অবৈধ প্রবাসী বাংলাদেশী যাদের কাছে দেশটির সরকারের রেগুলারাইজেশন কার্ড রয়েছে শুধু তারাই এ বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে পারবেন।
তবে মালদ্বীপ ছাড়ার আগে সবাইকে অবশ্যই সেদেশের সরকারের পক্ষ থেকে দেওয়া করোনা টেষ্টের মেডিক্যাল সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেট ছাড়া দেশে ফেরা যাবে না বলেও জানিয়েছে দূতাবাস। প্রত্যেক যাত্রী তাদের সাথে সর্বোচ্চ ২০ কেজি ওজনের লাগেজ এবং ৫ কেজি ওজনের হাতব্যাগ বহন করতে পারবেন।
এদিকে করোনা পরিস্থিতির মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অংশ দূতাবাসের মধ্যস্ততায় এসব প্র্রবাসী মালদ্বীপ থেকে ফিরছেন।
এর আগে গত ২১ এপ্রিল মালদ্বীপে আটকে থাকা ৭০ প্রবাসী বাংলাদেশী দেশে ফেরেন। পাশাপাশি, ৭ মে বিশেষ ফ্লাইটে ফেরেন আরো ৪০০ বাংলাদেশি।