ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন এক লাখেরও বেশি করোনা আক্রান্ত রোগী। এই সুখবরে নতুন করে উদ্যম ফিরে পাচ্ছেন সবাই।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫০২ জন করোনা রোগী। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১২ হাজার ৫৪১ জন। আশার আলো দেখছে দেশটির সরকার, চিকিৎসক, আইনশৃংখলা রক্ষাবাহিনীসহ সাধারণ মানুষ। তারা আশা করছেন খুব শীঘ্রই করোনা মুক্ত হবে ইতালি।
এ দিকে ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, গত বুধবার (১৩ মে) করোনায় প্রাণ হারিয়েছেন ১৯৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ১০৬ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন। ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ১০৪ জন।
ইতালিতে করোনায় সংক্রমণের হার কমতে থাকায় গত সপ্তাহের সোমবার (৪ মে) থেকে লকডাউন শিথিল করা হয়েছে। এর পর থেকে প্রায় দীর্ঘ দুই মাস পর ঘরের বাহিরে আসার সুযোগ পায় ইতালির নাগরিকরা। পুনরায় চালু হয়েছে উৎপাদন শিল্প, নির্মাণ খাত, পাইকারি দোকান, ফুল-ফলের দোকান।
আগামী ১৮ মে থেকে বার, রেস্টুরেন্ট, সেলুন, আরও দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার।
ইতালিতে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরও কমতে থাকলে চলতি সপ্তাহের শেষ দিকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।