আফ্রিকার দেশ কঙ্গোর একটি গ্রামে হামলা চালিয়ে বিদ্রোহীরা ৪০ গ্রামবাসীকে হত্যা করেছে। বুধবার ইতুরি প্রদেশের সামবোকো গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
মানবাধিকার গ্রুপগুলো জানিয়েছে, পাশের দেশ উগান্ডার সীমান্তসংলগ্ন একটি পার্বত্য গ্রামে ১৯৯০ সালে উগান্ডা থেকে বিতাড়িত অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) রামদা হাতে নিরীহ গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাদের খাবার দাবার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
মাকুতানো গ্রামে হামলা চালিয়ে ১৭ জনকে হত্যার মাত্র একদিন পরই এই হত্যাকাণ্ড চালানো হয়।
কিভু সিক্যুরিটি ট্র্যাকার্স (কেএসটি) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জানায়, গত বছর বিদ্রোহীদের উচ্ছেদ করার লক্ষ্যে সেনাভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪০০ সাধারণ মানুষকে হত্যা করে তারা। সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা সামবোকোর ঘটনা সম্পর্কে অবহিত আছেন। কিন্তু প্রত্যন্ত অঞ্চল বিধায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারছেন না।