বেশ কিছু সময় ধরে বাসায় বসে অফিস করার পর সিলিকন ভ্যালির প্রধান কার্যালয়ে কাজে ফেরা কর্মীদের করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছে অ্যাপল।
গত মে মাস থেকেই ধীরে ধীরে কর্মীরা কার্যালয়ে কাজে ফিরতে শুরু করেছেন। আর শুরু থেকেই করোনাভাইরাস পরীক্ষা এবং পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে নানান ধরনের পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
মাস্ক পরা ছাড়াও কর্মীদের শরীরের তাপমাত্রা নিয়মিত পরিমাপও করছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি প্রতিষ্ঠানটির রান্নাঘর এবং লিফট ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যে লিফটে আগে ১০জন উঠতে পারতেন, সেখানে এখন মাত্র দুজন উঠতে পারবেন।
অনেক দেশে বন্ধ রাখা স্টোরগুলোও খুলতে শুরু করেছে অ্যাপল। তবে যুক্তরাষ্ট্রে স্টোর খোলার পর ‘জাতিগত সহিংসতায়’ আবারও কিছু স্টোর বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
তবে অ্যাপলের স্টোরে প্রবেশের জন্য অবশ্যই মাস্ক পরতে হচ্ছে এবং শরীরের তাপমাত্রা মাপতে হচ্ছে।
অ্যাপলের কমীরা ফিরলেও ফেইসবুক, টুইটার, গুগলের কর্মীরা এখনো বেশিরভাগই বাসা থেকে কাজ করছেন। তবে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের অফিসে ফেরাতে নানা ধরনের উদ্যোগ নিতে শুরু করেছে।