দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিয়মিত ফোনালাপ বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার অভ্যন্তরে লিফলেট ছড়ানোর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং।
মঙ্গলবার থেকে ফোনালাপ বন্ধের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে অন্যান্য যোগাযোগও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। দেশটি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সব ধরনের যোগাযোগ বন্ধ করার এটি প্রথম ধাপ। খবর রয়টার্সের
২০১৮ সালে আলোচনার পর উত্তেজনা নিরসনে উত্তর কোরিয়ার সীমান্ত শহর কায়েসং-এ লিয়াজো অফিস স্থাপন দেশ দুটি। এই অফিসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করতো উত্তর ও দক্ষিণ কোরিয়া। তবে এবার ওই কার্যালয়টিও বন্ধ করে দিচ্ছে উত্তর কোরিয়া।
ওই কার্যালয়ের মাধ্যমে দিনে দুইবার ফোনালাপ করতো দুই দেশ। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, প্রথমবার সোমবার সকালে ফোনকলের কোনো উত্তর পাওয়া যায়নি।
গত সপ্তাহে ওই কার্যালয়টি বন্ধের হুমকি দেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ায় লিফলেট পাঠানো ঠেকাতে ব্যর্থ হয় তাহলে কার্যালয়টি বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, দেশত্যাগ করা উত্তর কোরীয়রা এসব লিফলেট ছড়াচ্ছে। এর মধ্য দিয়ে ২০১৮ সালের সমঝোতা লঙ্ঘিত হয়েছে।