'রামাত ট্রাম্প' প্রকল্প বাস্তবায়ন করতে শুরু করেছে ইসরায়েল। দেশটির বসতিবিষয়ক মন্ত্রী জিপি হোটোভ্যালি রোববার ইসরায়েলঅধিকৃত গোলান মালভূমিতে নতুন বসতি স্থাপনের পরিকল্পনায় সরকার অনুমোদনের কথা জানান। হিব্রু ভাষায় 'রামাত ট্রাম্প' অর্থাৎ 'ট্রাম্প মালভূমি' নামকরণ করা হয়েছে প্রকল্পটির।। খবর আল জাজিরার।
জিপি হোটোভ্যালি ফেসবুকে লিখেছেন, তার মন্ত্রণালয় 'রামাত ট্রাম্প' প্রকল্পের কাজ শুরু করার প্রস্তুতি নিতে যাচ্ছে। আবাসন প্রকল্পে ৩০০ পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হবে। ইহুদি জনবসতিটি বর্তমানে ব্রুচিম নামে পরিচিত ও এটি ৩০ বছরেরও বেশি পুরনো। এর জনসংখ্যা মাত্র ১০ জন।
১৯৬৭ সালের জুনে আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরীয় ভূখণ্ড গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। সেখান থেকে সিরিয়ান আরব বাসিন্দাদের বেশিরভাগই পালিয়ে যায়। ১৯৭৩ সালে এটি পুনর্দখলের চেষ্টা করেও ব্যর্থ হয় সিরিয়া। ১৯৮১ সালের ৪ ডিসেম্বর একতরফাভাবে ওই এলাকাকে নিজেদের অংশ ঘোষণা করে ইসরায়েল। তবে এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। ২০১৮ সালের ১৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের গ্রহণ করা এক প্রস্তাবে ইসরায়েলকে পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমিসহ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের শোষণ বন্ধ করতে বলা হয়।
তবে গত বছরের মার্চে ইসরায়েলের জাতীয় নির্বাচনের প্রাক্কালে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধিকৃত গোলান উপত্যকায় ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সফররত বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখেই ওই স্বীকৃতিতে স্বাক্ষর করেন ট্রাম্প।
ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে, এই বসতি উন্নয়নের জন্য ৮০ লাখ শেকেল (২৩ লাখ ডলার) ব্যয় করা হবে। গত রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, 'ইসরাইল গোলান মালভূমির রামাত ট্রাম্প প্রকল্পের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়া শুরু করবে।'