লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তেজনা কমানোর লক্ষ্যে দুই দেশ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও তা পুরোপুরি বাস্তবায়ন করেনি চীন। বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে ভারত। দেশটির অভিযোগ, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি চীন।
তবে এর আগে বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র জানান, গালওয়ান উপত্যকা, হট স্প্রিংস এবং কনকা পাস ও পাংগং হ্রদ এই তিনটি জায়গা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করেছে দুই দেশ।
চীনের এমন বক্তব্যের বিরোধিতা করে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে দুই দেশই সম্মতি দিলেও এখনও পুরোপুরি সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়নি। চীন এখনও তাদের সব সেনা সরায়নি।
ভারত-চিন সীমান্ত উত্তেজনার বিষয়ে দুই দেশের সামরিক ও কূটনৈতিকদের সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি বলেন, সীমান্তে শান্তি বজায় রাখার উপরই নির্ভর করছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি।