সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আদালতে নিহতের বাগদত্তা হাতিস চেঙ্গিস ও ডেমোক্র্যাসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ নামের মানবাধিকার সংগঠনের পক্ষ এই মামলা করা হয়। জানা গেছে, মামলায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ আরো ২৮ জন সৌদি কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছেন। সৌদি যুবরাজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একদল কর্মকর্তার কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা ও প্রস্তুতির ফলে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।
২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তার সঙ্গে ছিলেন তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিস। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।
এদিকে খাশোগির সন্তানরা তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে সৌদি আরবে হত্যাকারীদের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। ৭ সেপ্টেম্বর খাশোগি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া পাঁচজনের সাজা কমিয়ে দেয় সৌদি আদালত।