বিশ্বখ্যাত পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল পর্যন্ত বিশ্বে মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৬৬৮ জনে।
এ ছাড়া কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ১৮ হাজার ২৭৬ জনে দাঁড়িয়েছে। এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে তিন কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৭৭৩ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। লাফিয়ে বাড়ছে সেখানে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত এক কোটি ১২ লাখ ২৬ হাজার ৩৮ জনে দাঁড়িয়েছে এবং দুই লাখ ৫১ হাজার ২৫৬ জন মারা গেছে।
যুক্তরাষ্ট্রের পর করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারতে। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮৮ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছে এক লাখ ২৯ হাজার ৬৭৪ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট কোভিড-১৯ শনাক্ত রোগী ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৬৭৩ জনের।