মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চিকে সেনাবাহিনী আটক করেছে। একই সঙ্গে দেশের প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির রাজধানী নেপিডো এবং প্রধান শহর ইয়াংগুনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। নিপিডতে টেলিফোন এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
সৈন্যরা দেশটির বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
এনএলডি মুখপাত্র মিও নয়েন্ট সংবাদ সংস্থা রয়টার্সকে জানায়, প্রেসিডেন্ট মিন্ট এবং অন্যান্য নেতাদের ভোরে আটক করা হয়।
”আমি জনগণকে বেপরোয়া কিছু না করার অনুরোধ করছি, আমি চাই তারা আইন মেনে চলবে,” মিও নয়েন্ট রয়টার্সকে বলেন।
সোমবার নব-নির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এঘটনার ফলে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এর সম্ভাবনার আশংকা দেখা দিয়েছে।
গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।