হেলিকপ্টারে করে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে মারকেজ। হঠাৎই শুরু হয় গোলাগুলি। গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ইভান ও তাঁর সফরসঙ্গীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শনিবার জানিয়েছে, ঘটনাটি গতকাল শুক্রবারের। জানিয়েছেন। ওই সময় তিনি কলম্বিয়ার নর্তে দে সান্তান্দের প্রদেশে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকার সিকুতা শহরে গিয়েছিলেন।
এ ঘটনায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত আছেন প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গীরা, জানিয়েছেন প্রেসিডেন্ট ইভানের একজন মুখপাত্র।
টুইটারে পোস্ট করা ভিডিওতে প্রেসিডেন্ট ইভান বলেন, ‘আমাদের দেশ বেশ শক্তিশালী এবং কলম্বিয়া এমন হুমকিকে শক্ত হাতে মোকাবিলা করবে। এ হামলার পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
চলতি মাসের শুরুতে স্থানীয় একটি সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় যুক্তরাষ্ট্রে দুজন সামরিক উপদেষ্টাসহ মোট ৩৬ জন আহত হন। তবে এ হামলার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ন্যাশনাল লিবারেশন আর্মি।