সিরিয়ার ফিলিস্তিনপন্থি নেতা আহমেদ জিবরিল ৮৩ বছর বয়সে মারা গেছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন বুধবার রাতে তার মৃত্যু হয়। খবর মিডল ইস্ট আইয়ের।
তিনি ছিলেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন-জেনারেল কমান্ড (পিএফএলপি-জিসি)-এর প্রধান। ১৯৪০-এর দশক থেকে তিনি সিরিয়ায় বাস করে আসছিলেন। তিনি সিরিয়ার সেনাবাহিনীতে কাজ করেছেন।
১৯৬৮ সালে পিএফএলপি-জিসি প্রতিষ্ঠা করেন। এ সংগঠন অসংখ্যবার ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়েছে।
১৯৭০ সাল থেকে এ সংগঠন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদ সরকারের কাছ থেকে অনুদান পেত, যা বাশার আল-আসাদের আমলেও অব্যাহত রয়েছে।
লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেল আহমেদ জিবরিলের মৃত্যুর সংবাদে তাকে ‘মহান ফিলিস্তিনি নেতা’ হিসেবে অভিহিত করেছে।
১৯৩৮ সালে ফিলিস্তিনের ইয়াফা শহরের নিকটবর্তী ইয়াজুরা গ্রামে জন্মগ্রহণ করেন আহমেদ জিবরিল। ১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূখণ্ড ইসরাইল দখল করে নিলে বহু ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়। যার মধ্যে আহমেদ জিবরিলের পরিবারও ছিল।