আফগানিস্তানে বিদ্রোহী গোষ্ঠী তালেবান একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে। সবশেষ উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাক দখলে নিয়েছে তারা। এ নিয়ে গত চার দিনে ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবানরা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে তালেবান এক বিবৃতিতে আইবাক শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে। সামাঙ্গান প্রদেশের ডেপুটি-গভর্নর বিষয়টি এএফপিকে নিশ্চিত করে বলেন, তালেবান শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে।
তালেবান গোষ্ঠী জানায়, তাদের যোদ্ধারা শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে। সরকারি অফিস, পুলিশ হেড কোয়ার্টার্স, এমনকি বিভিন্ন ভবনও এখন তাদের দখলে।
এর আগে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী এবং উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান দখল করে তালেবান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তালেবানের হাতে শহরগুলোর নিয়ন্ত্রণ হারায় আফগান সরকারি বাহিনী। তারও আগে শুক্রবার নিমরোজ প্রদেশের যারানজ এবং শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে নেয় তালেবান। / আলজাজিরা