যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বন্যায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ২০ জন নিখোঁজ রয়েছেন। মৌসুমি ঘূর্ণিঝড় হেনরি'র আঘাতে এই প্রাণহানির ঘটনা ঘটে।
টেনেসি অঙ্গরাজ্যের ওয়েভারলি এলাকার পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রধান গ্রান্ট গিলেস্পি বলেন, ‘গত কয়েকদিন আমাদের ভয়াবহ প্রাণহানির অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।’ এই ওয়েভারলিতেই স্থানীয় সময় শনিবার দিনে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া অন্য একটি শহরে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে প্রথমে নিখোঁজের সংখ্যা ৪৫ জন বলা হলেও পরে তা সংশোধন করে ২০ জনের কথা জানানো হয়। ব্যাপক ঝড়ে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় নিখোঁজদের বিষয়ে সঠিক তথ্য পেতে অসুবিধা হচ্ছে।
বন্যায় ওয়েভারলির মানুষজনের ঘরবাড়ি, স্কুল ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মেরামতে সরকারি সহায়তার প্রয়োজন হবে বলে জানিয়েছেন ওয়েভারলি শহরের পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রধান গ্রান্ট গিলেস্পি। / সিএনএন