আফগানিস্তানের পানশির প্রদেশে তালেবানের সঙ্গে লড়াইয়ে জাতীয় প্রতিরক্ষা ফ্রন্টের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাশতি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এনআরএফ-এর নেতা আহমদ শাহ মাসউদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফাহিম দাশতির। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় আহমদ শাহ মাসউদের মৃত্যুর সময় তাঁর সঙ্গেই ছিলেন ফাহিম।
সম্প্রতি আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ, যিনি বর্তমানে আফগানিস্তানের পানশির প্রদেশে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে এনআরএফকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁর মুখপাত্র হিসেবে কাজ করছিলেন ফাহিম দাশতি।
এদিকে, তালেবানের মুখপাত্র বিলাল কারিমি এক টুইট বার্তায় দাবি করেছেন, পানশিরের রাজধানী বাজারাকের পাশের জেলা রুখা দখল করে নিয়েছে তালেবান।
তবে পানশিরের বাইরে অবস্থান করা এনআরএফের মুখপাত্র আলী মাইসাম নাজরি বলছেন, ‘প্রতিরোধ যোদ্ধারা (এনআরএফ) তালেবানের কাছে হার মানবে না।’