আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইরানের একটি ত্রাণ বিমান। তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর এই প্রথম ইরান এ ধরনের মানবিক সহায়তা পাঠালো।
ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, ত্রাণবাহী এ বিমানে ইরানের অন্তত এক ডজন কূটনীতিক রয়েছেন। মহান এয়ারলাইন্সের বিমানটি বুধবার কাবুলে পৌঁছায়।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহর থেকে ১৯ জন আরোহী নিয়ে বিমানটি কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন্সের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে মানবিক সহযোগিতা পাঠানোর অনুরোধ করেছিলেন। /