মাউন্ট এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত। প্রতিবছরই পর্বতটি জয় করতে গিয়ে অনেক আরোহীর মৃত্যু হয়।
ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষারঝড়ের কবলে পড়ে পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এসব তথ্য জানায়।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার ১৯ জন পর্বতারোহীর একটি দল পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থান করছিল। সে সময় দুর্ঘটনার শিকার হন পর্বতারোহীরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে, তীব্র তুষারঝড় এবং দেখতে না পাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়া আরও ১৪ আরোহীকে উদ্ধার করা হয়েছে।
পর্বতারোহণ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বলছে, দলটির সঙ্গে চারজন পেশাদার গাইড ছিলেন। আরোহণের সময় এক নারী অসুস্থবোধ করেন। এমন পরিস্থিতিতে একজন গাইড তাকে নিয়ে ফেরার পথ ধরেন। ওই গাইডের সঙ্গে থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ওই নারীকে বাদেই দলের বাকি সদস্যরা সামনের দিকে এগিয়ে যান। তবে তাদের পথে হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় তুষারঝড়। এ সময় দলের একজনের পা ভেঙে যায়। এতে দলটির গতি কমে আসে। ঝড়ে দলের সদস্যদের মধ্যে দুজন ঠান্ডায় জমে মারা যান। ঝড়ের মুখে পড়ে ফিরে আসার পথে আরও দুজন সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে তাদেরও মৃত্যু হয়। বেঁচে যাওয়া আরোহী ও গাইডদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।