ভারতে মন্ত্রীর ছেলের বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চার জনকে মেরে ফেলার ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস। আর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
গত রোববার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে এই ঘটনা ঘটে। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চার জনকে মেরে ফেলার অভিযোগ ওঠে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন অজয়।
সোমবার রাতে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস।
TW: Extremely disturbing visuals from #LakhimpurKheri
— Congress (@INCIndia) October 4, 2021
The silence from the Modi govt makes them complicit. pic.twitter.com/IpbKUDm8hJ
ভিডিওতে দেখা যায়, রাস্তার উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েক জন। হঠাৎই একটি জিপ এসে তাদের ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সাদা জামা ও সবুজ পাগড়ি পরা এক বৃদ্ধ জিপের বনেটে গিয়ে পড়েন। আরও কয়েকজন প্রাণ বাঁচাতে রাস্তার পাশে পড়ে যান।
জিপটি বেরিয়ে যাওয়ার পরে তার ঠিক পিছনে আরও একটি গাড়ি চলে যায়। তার পরেই দেখা যায় রাস্তার উপরে বেশ কয়েক জন পড়ে রয়েছে। তাদের উদ্ধার করতে ছুটে আসেন অন্যরা।
রবিবারের এই ঘটনার পরে মন্ত্রীর ছেলে আকাশসহ কয়েক জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।
এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। সোমবার তৃণমূলের পাঁচ সাংসদ সেখানে গিয়েছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সেখানে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ। / আবা